ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সেঞ্চুরি পাবেন তো শাহাদাত হোসেন দিপু। দোহায় আজ এমনই এক শঙ্কা তৈরি হয়েছিল। তিন অঙ্ক স্পর্শ করতে হলে শেষ ৬ বলে ৫ রান প্রয়োজন ছিল তার। কিন্তু পাকিস্তানের পেসার আহমেদ দানিয়ালের প্রথম বলে কোনো রানই নিতে পারলেন না তিনি। ফিরতি বলে এক রান নিয়ে প্রান্ত বদল করলে শঙ্কাটা আরো জোরালো হয়। কেননা তার সঙ্গে দশম ব্যাটার হিসেবে ব্যাটিং করছিলেন রিপন মন্ডল।


আউট হলেই যে বিপদ। তা হতে দেননি রিপন। ‍উল্টো দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে দলীয় সংগ্রহ বাড়িয়েছেন বাংলাদেশি পেসার। ফিরতি বলে লেগবাইয়ে দুজন প্রান্ত বদল করেন। ৫০তম ওভারের পঞ্চম বলে অবিশ্বাস্য এক ফ্লিকে ছক্কা হাঁকিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান শাহাদাত। তার দুর্দান্ত সেঞ্চুরিতেই পরে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠতে পাকিস্তান ‘এ’ দলকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’।


শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত। তিনে নেমে ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। আর রিপন অপরাজিত থাকেন ১২ বলে ১৯ রান করে।


এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১৫ রানে অধিনায়ক সাইফ হাসান (২) ও মাহমুদুল হাসান জয় (৯) আউট হন। তবে তৃতীয় ‍উইকেটে মহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন শাহাদাত। ৪২ রানে সুফিয়ান মুকিমের বলে অঙ্কন আউট হলে আবার ধাক্কা খায় বাংলাদেশ। কেননা নিজের ফিরতি ওভারে আফিফ হোসেন ও সাব্বির রহমানকে ফেরান মুকিম।


ষষ্ঠ উইকেটে এসএম মেহেরবকে সঙ্গী করে ৫২ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলান শাহাদাত। ২২ রানের ব্যবধানে পরে দ্রুত ৩ উইকেট হারালে বাংলাদেশ দুই শ রান পার করতে পারবে কিনা সেই শঙ্কা জেগেছিল। শাহাদাত সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ২৩২ রানের লড়াকু পুঁজি এনে দেন। পাকিস্তানে হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুকিম। হাসান নওয়াজ ও আলী রাজা নিয়েছেন দুটি করে উইকেট।

ads
ads
ads

Our Facebook Page

↑